বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এসব বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাঁদের গাড়ির গতিরোধ করে।
ময়েনের অভিযোগ, হামলাকারীরা গাড়িতে ভাঙচুর চালিয়ে তাঁদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়।
একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাঁকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে হামলাকারীরা। পরে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন ময়েন।
তিনি আরও জানান, হামলার পর তাঁরা কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। বর্তমানে তাঁরা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে মনিরুল হকের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment