ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে কার্লোস নিজেই ওই খবরকে মিথ্যা বলে জানিয়েছেন। এবার তাঁর স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
মরক্কোর সংবাদমাধ্যম হেসপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সুহাইলা তাহিরি বলেন, তাঁর স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত খবরও অসত্য বলে জানান তিনি।
তাহিরি বলেন, ‘আমি স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে বেড়াচ্ছে, সবই অসত্য।’
ধর্মীয় বিষয় সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ করা উচিত নয়। একই সঙ্গে সবার বিশ্বাস ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান তিনি।
মূলত রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি তুলেছিলেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন। পরে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
আলি শাহিন তাঁর এক্স অ্যাকাউন্টের এক পোস্টে দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে তাঁদের সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলেও দাবি করেন তিনি।
তবে এ দাবিও নাকচ করেছেন তাহিরি। কার্লোস কোনো দুর্ঘটনায় আহত হওয়ার পর জিহাদ হামাদা নামের কোনো ব্যক্তি তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন—এমন খবরও মিথ্যা বলে জানান তিনি।
তাহিরি বলেন, ‘জিহাদ নামের কোনো শেখ কিংবা ধর্মীয় ব্যক্তি তাঁকে হাসপাতালে দেখতে যাননি এবং তাঁকে কোরআনের আয়াতও পড়াননি। এই ব্যক্তি কে, সেটাই আমরা জানি না। কীভাবে এই গল্পের সূত্রপাত হয়েছে, আমি জানি না। তবে এগুলোর কোনো ভিত্তি নেই।’
কার্লোসের সঙ্গে ইসলাম বা কোরআন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তাঁর স্ত্রী। তিনি বলেন, ভিন্ন ধর্ম বা সংস্কৃতি নিয়ে আলোচনা করা মানেই সেই ধর্ম গ্রহণ করা নয়।
এর আগে সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোসও তাঁর ইসলাম গ্রহণের খবরকে ‘মিথ্যা’ বলেছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে জানিয়ে বলেছিলেন, তাঁর স্ত্রীকে ইসলামী রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখা তাঁর কাছে চমৎকার বিষয়। তবে তাঁর ইসলাম গ্রহণের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়।
Leave a comment