কুমিল্লার মুরাদনগরে ‘আইসেল ওয়ান মার্কেট’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির মুরাদনগর শাখার তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার হিরারকান্দা দক্ষিণপাড়া এলাকায় আব্দুর রহমানের বসতবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হতো। অভিযোগ রয়েছে, টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করে। পরে টাকা নিয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী ফারুক মিয়া (৪৮) বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেছেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। ফারুক মিয়া উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর কান্দা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারভুক্ত তিন আসামি হলেন সাইফুল ইসলাম (৩০), শরীফুল ইসলাম (৩৩) ও নজরুল ইসলাম (৪৪)। তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের আবু তাহেরের ছেলে। শরীফুল ইসলাম পশ্চিম সোনাউল্লাহ মোল্লা বাড়ির গোলাম মোস্তফার ছেলে। আর নজরুল ইসলাম দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের হাজী আব্দুল জলিল ক্বারীর ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার তিনজন আইসেল ওয়ান মার্কেটের মুরাদনগর শাখায় মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a comment