চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও মিঠুন দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৯ হাজার ৪২৫ জন কৃষক সহায়তা পাবেন। তাঁদের মধ্যে সরিষা চাষের জন্য ৯ হাজার ৩০০ জন, মসুর চাষের জন্য ৭৫ জন এবং খেসারি চাষের জন্য ৫০ জন কৃষক রয়েছেন।
প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। মসুর চাষের জন্য প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে খেসারি চাষের জন্য দেওয়া হবে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব প্রণোদনা বিতরণ করা হবে। ইউনিয়নভিত্তিক তালিকায় গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক রয়েছেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
Leave a comment