বরগুনার বেতাগী উপজেলায় ছাত্রদলের সাবেক এক নেতার বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছাত্রদলের সাবেক দুই নেতাও রয়েছেন।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায় বেতাগী থানা-পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই সাবেক নেতার আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই দুই ব্যক্তি বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা আগের কমিটির নেতা ছিলেন।
বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চারজনকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের নাম-ঠিকানাসহ বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা গণমাধ্যমকে বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন।
Leave a comment