নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বন্দর এলাকা থেকে মিছিল নিয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা–কর্মীরা। তাঁদের হাতে থাকা ব্যানারে হাম, শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কথা লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে জড়ো হলে সেখানে স্লোগান দেন নেতা–কর্মীরা।
চলতি মাসে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল। গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এসব ঘটনার পর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
Leave a comment