নেত্রকোনার মদন পৌর শহরে বাসস্ট্যান্ডে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাঁরা মদন থানায় কনস্টেবল পদে কর্মরত। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার নোতৃত্ব দেওয়া মিঠু মিয়া (২২) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি পৌর শহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন সরকারি কলেজ মোড়ের চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ে বাস না আসায় কাউন্টারে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
এ সময় যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পরে ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাঁকে সরে যেতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে মিঠু মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
Leave a comment