প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বরিশাল অডিটোরিয়াম থেকে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরবাসীকে এই সামাজিক বনায়ন কর্মসূচিতে এগিয়ে আসা উচিত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বিসিসির সচিব রুম্পা শিকদার।
এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের বনায়ন শাখার কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর মোট ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। ফলজ, বনজ ও ঔষধি—তিন ধরনের গাছের চারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
Leave a comment