প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, ১৯৭১ সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের জন্য জামায়াত-শিবিরেরও নিষিদ্ধ হওয়া প্রয়োজন।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক বলেন, জাতিসংঘ বলেছে, আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে। তাঁর দাবি, জামায়াত-শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। সংগঠনটি অস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত ক্যাডার তৈরি করে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির মজলুম থাকলেও গত ছয় মাসে তারা ‘জালেম সংগঠনে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন নুরুল হক। তাঁর ভাষ্য, উগ্রবাদী এই গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ করতে হবে। তা না হলে তারা ‘ভাইরাসের মতো’ ছড়িয়ে পড়তে পারে।
জামায়াত-শিবির ও আওয়ামী লীগকে একই ধরনের ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নুরুল হক বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে। জামায়াত-শিবির সুযোগ না পেলেও তাদের কর্মকাণ্ডে অতীতের সহিংসতা ও দখলদারত্বের ইতিহাসের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
বর্তমান সরকারের ওপর চাপ তৈরি করে জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তাঁর দাবি, জামায়াত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলে নেওয়ার চেষ্টা করছে এবং এসব প্রতিষ্ঠানে তাদের লোকজনকে শেয়ার দেওয়ার উদ্যোগ চলছে। তাঁর ভাষায়, জামায়াত মূলত ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চায়।
ওয়াজ ও জুমার খুতবায় আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, কোনো বক্তব্যে বিদ্বেষ, বিভাজন ও কুরুচিপূর্ণ বিষয় থাকলে জনগণকে তা প্রতিহত করতে হবে।
আমির হামজার পক্ষে জামায়াত বিবৃতি দেওয়ারও সমালোচনা করেন নুরুল হক। তাঁর দাবি, এর মাধ্যমে জামায়াত তাঁর বক্তব্যকে সমর্থন করেছে। আমির হামজা, সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামসহ দলটির নেতা-কর্মীদের কর্মকাণ্ডে জামায়াতের নৈতিক অধঃপতন প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল দাবি করলে তা ‘প্রহসন’ হবে মন্তব্য করে দলটির নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান নুরুল হক।
নুরুল হকের দাবি, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই জামায়াতে ইসলামী ছয় মাস না যেতেই বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু করেছে।
Leave a comment