নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশের আয়োজন করে আমজনতার দল।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। দলটি দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যদ্বাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে কোনো শর্ত থাকতে পারে না।
সমাবেশে সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
আরটিভি/এমএ
Leave a comment