বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তাঁর সফর নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পেজের পোস্টে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) পিএমএ সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।
পোস্টে হাফিজ উদ্দিন আহমদকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাঁকে গড়ে তুলেছিল, দীর্ঘ সময় পর সেখানেই ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে গিয়ে তাঁর স্মৃতিতে ফিরে আসে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো।
পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তাঁর জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পিএমএ শুধু তাঁর প্রশিক্ষণকেন্দ্র ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও স্মৃতিচারণ করেন স্পিকার।
পোস্টে জানানো হয়, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে আসা তাঁর জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল।
এতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দুই দেশের সংসদের মধ্যে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে স্পিকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে। এ সফরের আমন্ত্রণ ও আয়োজনের বিষয়টি ব্যক্তিগতভাবে দেখভাল করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
Leave a comment