গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামের এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আবু আলম বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহলের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
এদিকে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই উপজেলার গ্রামীণ ব্যাংক কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জে এক আইনজীবীর ওপর মব সৃষ্টির প্রতিবাদে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। তাঁরা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসির আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান।
প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
এ পরিস্থিতিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন জি এম সরফরাজ।
Leave a comment