কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কসটেপ দিয়ে পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেউস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই দুই নারী বোরকার নিচে পেটে কসটেপ দিয়ে গাঁজা পেঁচিয়ে বহন করছিলেন।
পুলিশ আরও জানায়, ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a comment