জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে সরকার আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে দেশে রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ ও মাদারীপুরও দেশের অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রতিবেশী একটি দেশের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশটি একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন তাঁকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর কথা বলছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সহিংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।
প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে অভিযোগ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
Leave a comment