Home জাতীয় কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট
জাতীয়

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

Share
Share

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট বা ‘ফ্লোর প্রাইস’ কমানোর বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত গণশুনানিতে এক গ্রাহকের প্রশ্নের জবাবে কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

গণশুনানিতে জামালপুর থেকে অংশ নেওয়া রকীব রায়হান কলরেট কমানোর পাশাপাশি গ্রামাঞ্চলে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের দাবি জানান।

জবাবে বিটিআরসি জানায়, বর্তমানে ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা নির্ধারিত রয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন রেট কমানোর বিষয়ে কাজ চলছে।

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে বিটিআরসির প্রকৌশল ও পরিচালনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিসুল আলম পারভেজ বলেন, রোলআউটের বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি হাওরসহ দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী করতে টেলিটক একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

গণশুনানিতে টেলিযোগাযোগ সেবার মান, নেটওয়ার্ক কাভারেজ, কলড্রপ, ভয়েস ও ডাটার মূল্য, ডাটা ক্যারি-ফরওয়ার্ড, সিম নিবন্ধন ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)সহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের প্রশ্নের জবাব দেন বিটিআরসির কর্মকর্তারা।

মাস্কিং ছাড়া আসা এসএমএসের কারণে স্প্যাম বার্তা শনাক্তে সমস্যা এবং বিদেশি ওটিপি পেতে বিলম্বের অভিযোগও করেন এক গ্রাহক। জবাবে বিটিআরসি জানায়, ধাপে ধাপে সব ধরনের বার্তাকে মাস্কিংয়ের আওতায় আনা হচ্ছে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে বিদেশি ওটিপি পেতে কখনো কখনো বিলম্ব হতে পারে।

ডাটা প্যাকেজের ভিন্নতা ও শর্ত নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে কমিশন জানায়, প্রতিটি প্যাকেজের শর্ত গ্রাহকদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের সময় মোবাইল নেটওয়ার্ক সচল রাখা প্রসঙ্গে বিটিআরসি জানায়, নেটওয়ার্ক সচল রাখার সক্ষমতা বাড়াতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের মোবাইল টাওয়ারের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গণশুনানিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এর সংশোধিত ২০২৬ সালের ৮৭ ধারা অনুযায়ী এখন থেকে প্রতি মাসে অন্তত একবার গণশুনানির আয়োজন করবে কমিশন।

তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যা, মতামত, পরামর্শ ও উদ্বেগ তুলে ধরতে পারবেন। শুনানিতে পাওয়া গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কার্য-পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়মিত সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বিটিআরসি জানায়, এবারের গণশুনানিতে অংশ নিতে ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে ২ হাজার ৯৯০ জন নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ১ হাজার ৪৭ জন বিভিন্ন পেশার মানুষ, ৬৩৮ জন শিক্ষার্থী এবং ১৭২ জন নারী ছিলেন। নিবন্ধিত গ্রাহকদের প্রশ্নের মধ্যে ট্যারিফ, ডাটার মেয়াদ, ডাটা ক্যারি-ফরওয়ার্ড, নেটওয়ার্ক কাভারেজ, সিম নিবন্ধন, এনইআইআর ও টেলিযোগাযোগ সেবার মানসংক্রান্ত বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

;