রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক শেষে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁদের ওপর ট্রাম্পের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন জানান, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়ানোর নির্দেশ পেয়েছে। ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার জাহাজ ও অর্থনৈতিক স্থাপনায় ক্ষতি হলেও মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে।
পুতিনের দাবি, আগস্টে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ২৭০ বর্গকিলোমিটার এলাকা রুশ বাহিনী দখলে নিয়েছে। তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী ইউক্রেনীয় সংগঠন ডিপ স্টেটের হিসাবে, ওই সময়ে রাশিয়া মাত্র ২৬ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
এদিকে, এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।
পেজেশকিয়ানকে পুতিন বলেন, কঠিন সময়ে ইরানের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া এবং প্রয়োজনীয় পণ্যও সরবরাহ করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধের সমাধানে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া যাদের ভালোভাবে চেনে এবং যাদের ওপর আস্থা রাখে, তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে একই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।
Leave a comment