দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বিমান দুটি ছিল এসএফ-২৬০ মডেলের একক ইঞ্জিন ও প্রপেলারচালিত প্রশিক্ষণ বিমান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, বিমান দুটি বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। তবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান ক্যাপিনগুইয়ান।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
এর আগে চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।
Leave a comment