বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে গিয়ে সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
জনপ্রিয় ইউটিউবার ও সঞ্চালক সিদ্ধার্থ কাননের শোতে অতিথি হয়ে এসেছিলেন অনুপ্রিয়া। সেখানে শুটিংয়ের সময় কোনো সহ-অভিনেতা তাঁর সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে দুটি ঘটনার কথা জানান তিনি।
একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে অনুপ্রিয়া বলেন, সহ-অভিনেতা ইচ্ছাকৃতভাবে কিছু না করলেও একপর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না বলে তাঁর মনে হয়েছিল। এতে তিনি অপমানিত বোধ করেন। অভিনেত্রীর ভাষায়, “আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল।”
আরেকটি ঘটনায় পোশাক নিয়ে অস্বস্তিতে ছিলেন অনুপ্রিয়া। ওই পরিস্থিতিতে সহ-অভিনেতার কাছ থেকে সহযোগিতা আশা করলেও তাঁর আচরণে বিব্রত হন তিনি। তবে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা কঠিন ছিল বলে জানান অভিনেত্রী। পরে ব্যক্তিগতভাবে ওই অভিনেতাকে সংযত আচরণের অনুরোধ জানান তিনি। অনুপ্রিয়া জানান, তাঁর অনুরোধে সাড়া দিয়েছিলেন ওই অভিনেতা। তবে সাক্ষাৎকারে তাঁর নাম প্রকাশ করেননি।
অনুপ্রিয়ার মতে, সিনেমা বা ওয়েব সিরিজের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিংয়ের সময় পরিচালক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।
২০১৪ সালে ‘ববি জাসুস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনুপ্রিয়া গোয়েঙ্কার। এরপর ‘ঢিশুম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি অপরশক্তি খুরানা ও রাহুল বোসের সঙ্গে ‘বার্লিন’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন অনুপ্রিয়া। তাঁর উল্লেখযোগ্য ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘আসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’ ও ‘সুলতান অব দিল্লি’।
ইত্তেফাক/এএম
Leave a comment