কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। একই সঙ্গে এ ক্ষেত্রে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে এ ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করেন তিনি।
পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
আরটিভি/এসকেডি
Leave a comment