রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী রাফসান।
রাফসান ইউল্যাবের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সহকারী হিসেবেও কাজ করেন।
রাফসান জানান, শুক্রবার স্নাতকোত্তরের ক্লাস থাকায় তিনি মোহাম্মদপুরের তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তাঁর অটোরিকশার গতিরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপাতি দেখিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেটে থাকা আইফোনটি ছিনিয়ে নেয়।
তিনি বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতির উল্টো পাশ দিয়ে তাঁকে কয়েকটি আঘাত করে। এতে তাঁর ডান হাতে আঘাত লাগে। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাসায় রয়েছেন তিনি।
রাফসান আরও জানান, বিষয়টি ববি হাজ্জাজকে জানিয়েছেন। তিনি থানাকেও বিষয়টি অবহিত করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
গত শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তাদের ওপর চাপ রয়েছে। এ ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে। ঘটনার পর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
Leave a comment