কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নারী প্রসববেদনায় আক্রান্ত হন। পরে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়। তাঁদের সহযোগিতায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। এ সময় সহযাত্রীদের সহযোগিতা ও পরিবহনকর্মীদের মানবিক আচরণে তৈরি হয় এক ব্যতিক্রমী পরিবেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তাঁর স্বামী চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না, জানতে চান। চালক তখন মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এ সময় তাঁর স্বামী বাস থামানোর অনুরোধ করেন। সহযাত্রীরাও সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
নার্সরা বাসে পৌঁছে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরে তাঁদের সহযোগিতায় বাসের মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি।
এদিকে প্রসূতির জন্য বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও পরিবহনকর্মীরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।
জরুরি মুহূর্তে সহযাত্রীদের সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহনকর্মীদের মানবিক আচরণে ঘটনাটি যাত্রীদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি করে।
Leave a comment