গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থেকে লেনদেন করতে না পারার অভিযোগ পাওয়া গেছে। তবে জেলার সব গ্রাহকের হিসাব বন্ধ হয়নি। অনেকেই আগের মতো বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে লেনদেন করতে পারছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালগঞ্জের বাসিন্দাদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হওয়ার অভিযোগসংক্রান্ত একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে।
বিষয়টি যাচাই করতে গোপালগঞ্জের এনআইডি ব্যবহার করে হিসাব খোলা ১০ জন গ্রাহকের সঙ্গে কথা বলেছে অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট। তাঁদের মধ্যে ছয়জন জানিয়েছেন, তাঁরা মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতে পারছেন না। অন্য চারজনের হিসাব সচল রয়েছে।
হিসাব বন্ধ হওয়া গ্রাহকদের কয়েকজন জানিয়েছেন, বিকাশ থেকে তাঁদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সাময়িকভাবে হিসাব স্থগিত রাখার কথা জানানো হয়েছে।
এসএমএসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নীতিমালা অনুযায়ী হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। তবে নির্দিষ্ট করে বন্ধের কারণ জানানো হয়নি।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি পরিবারের ছয় সদস্যের মধ্যে কয়েকজনের বিকাশ ও নগদ হিসাব বন্ধ হয়ে গেলেও অন্য সদস্যের হিসাব সচল রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গোপালগঞ্জ সদরের বাসিন্দা ও ফ্রিল্যান্সার হাসিব জানান, গত এক সপ্তাহে তাঁর হিসাবে প্রায় এক হাজার ২০০ টাকা লেনদেন হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তিনি আর লেনদেন করতে পারছেন না।
তাঁর দাবি, পরিচিত আরও কয়েকজন একই সমস্যার মুখে পড়েছেন। তবে ফরিদপুরের ঠিকানায় হিসাব খোলা তাঁর স্ত্রীর মোবাইল ব্যাংকিং সেবা সচল রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এলাকাভিত্তিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ খান জানিয়েছেন, গোপালগঞ্জের গ্রাহকদের হিসাব বন্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক বিকাশ, নগদ বা রকেটকে কোনো নির্দেশনা দেয়নি।
তিনি বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো হিসাবে সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান সাময়িকভাবে সেটি স্থগিত করতে পারে।
এই নীতিমালা দেশের সব অঞ্চলের জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো নির্দিষ্ট জেলা বা এলাকার গ্রাহকদের জন্য আলাদা বিধান নেই বলে জানান তিনি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুর রহমানও জানিয়েছেন, মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে পুলিশের কাছে কোনো নির্দিষ্ট তথ্য বা অভিযোগ আসেনি।
যা বলছে বিকাশ ও নগদ
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন ডালিম জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন পর্যবেক্ষণ করে।
কোনো হিসাবে অস্বাভাবিকতা শনাক্ত হলে নীতিমালা অনুযায়ী সাময়িকভাবে সেটি স্থগিত রাখা হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, এ ধরনের কার্যক্রম সারা বছরই চলে এবং তা কোনো নির্দিষ্ট জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। তদন্ত শেষে অনেক হিসাব পুনরায় সচল করা হয়।
একইভাবে নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, গোপালগঞ্জের মতো কোনো নির্দিষ্ট এলাকার সব হিসাব বন্ধ রাখার সিদ্ধান্ত সম্পর্কে তাঁদের কাছে তথ্য নেই।
তাঁর ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক লেনদেন, অনলাইন জুয়া কিংবা আর্থিক অনিয়মের ঝুঁকি শনাক্ত হলে নিয়ম অনুযায়ী হিসাব স্থগিত করা হতে পারে। তবে কেবল ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হিসাব বন্ধ করা হয় না।
১০১ জনের আর্থিক লেনদেন তদন্তের খবর
এর আগে বুধবার (২৫ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে অন্তত ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখার খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, আওয়ামী লীগের নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি এবং মোবাইল আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিটগুলো।
এ ছাড়া প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তবে এসব তদন্তের সঙ্গে গোপালগঞ্জের সাধারণ গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধ হওয়ার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে গ্রাহকদের একাংশের অভিযোগ, স্বাভাবিক লেনদেনের পরও তাঁদের হিসাব বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় কেন নির্দিষ্ট কিছু গ্রাহকের হিসাব স্থগিত হয়েছে এবং কবে তাঁরা পুনরায় লেনদেন করতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
Leave a comment