বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও বাংলাদেশ-চীন রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
লিউ ইউইন বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত।
বাংলাদেশের জনগণের নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকারকে চীন সম্মান করে বলেও জানান তিনি।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে চীনা কূটনীতিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণের আহ্বান জানান।
চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে শিল্পকারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও চীনের সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বেইজিংয়ের সহযোগিতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের সরকারি কর্মকর্তা, কূটনীতিক, গবেষক, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
Leave a comment