Home সাম্প্রতিক জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও হবে একটি শিশিরকণা: অ্যাটর্নি জেনারেল
সাম্প্রতিক

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও হবে একটি শিশিরকণা: অ্যাটর্নি জেনারেল

Share
Share

গুম, খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো অপরাধের ভয়াবহতা বিবেচনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের একবারের মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তিনি এ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, সেগুলোর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুমের মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে।

কোনো শাস্তিই এসব মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আদালতের কোনো রায় মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই তাঁরা ট্রাইব্যুনালের সামনে এসেছেন।

শাস্তির প্রসঙ্গে দার্শনিক হেগেল ও মার্কিন আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার।

তিনি আরও বলেন, আজ বিচার না হলে অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তাঁর অপরাধ সমুদ্রসমান। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

তিনি বলেন, সভ্যতা ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও তাঁকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। এসব সীমাবদ্ধতা স্বীকার করেই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানানো হচ্ছে। একই সঙ্গে মামলায় আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন করেন তিনি।

সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে প্রসিকিউশন সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রমাণ করা হয়েছে। এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামিকে দোষী সাব্যস্ত করা সম্ভব।

যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় জিয়াউল আহসানকে ‘নৃশংস খুনি’, ‘মানবতাবিরোধী অপরাধী’, ‘আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক’, ‘জঘন্য সিরিয়াল কিলার’ ও ‘বিশ্বমানবতার কলঙ্ক’ বলে অভিহিত করেন তিনি।

এ ছাড়া জিয়াউল আহসানের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশও ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায়...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

;