Home সাম্প্রতিক নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া
সাম্প্রতিক

নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগে সাড়া না দিয়ে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ওয়াশিংটনের সঙ্গে সংলাপে অনাগ্রহ দেখানোর পাশাপাশি পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে পিয়ংইয়ং।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে এশিয়া সফরে গিয়েও কিমের সঙ্গে বৈঠক করতে পারেননি ট্রাম্প। এর মধ্য দিয়ে কিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের আরেকটি প্রচেষ্টা সফল হয়নি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে কিমকে রাজি করাতে ব্যক্তিগত কূটনৈতিক তৎপরতা পুনরায় শুরু করার চেষ্টা করছেন ট্রাম্প।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে সূত্র জানিয়েছে, গত বছর ট্রাম্প দাপ্তরিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ট্রাম্প একটি চিঠি লেখেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনে কর্মরত এক কূটনীতিকের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তবে পরবর্তী সময়ে জাতিসংঘের এক বৈঠকে চিঠিটি না খুলেই এক মার্কিন কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়।

কিমের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্প বারবার চেষ্টা করলেও পিয়ংইয়ং জানিয়েছে, ওয়াশিংটন নিরস্ত্রীকরণের চাপ বন্ধ না করা পর্যন্ত তারা সংলাপের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উত্তর কোরিয়া আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমেছে কিমের।

ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৮ সালে ট্রাম্প মন্তব্য করেছিলেন, তিনি কিমের ‘প্রেমে পড়ে গেছেন’। ওই সময় কিমের কাছ থেকে ‘সুন্দর সব চিঠি’ পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ওই কূটনৈতিক প্রচেষ্টায় কোনো সুনির্দিষ্ট চুক্তি হয়নি। বরং উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের মজুত ২০ থেকে ৩০টি থেকে বেড়ে অন্তত দ্বিগুণ হয়েছে। বর্তমানে দেশটির কাছে আনুমানিক ৬০টি ওয়ারহেড রয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, এ সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ভান্ডারে রয়েছে প্রায় ৫ হাজার ৪২টি ওয়ারহেড।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, উত্তর কোরিয়ার কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

গত সেপ্টেম্বরে ট্রাম্প বলেছিলেন, কিম এখনো তাঁর বন্ধু। উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাকে ‘বেশ বড়’ উল্লেখ করলেও তা যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের তুলনায় ছোট বলে মন্তব্য করেছিলেন তিনি।

চলতি সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের আগে ট্রাম্প বারবার কিমের সঙ্গে চতুর্থ বৈঠকের সম্ভাবনার কথা বলেছিলেন। উত্তর কোরিয়ার নেতা তাঁর সঙ্গে দেখা করতে চাইবেন বলেও মন্তব্য করেন তিনি। তবে পিয়ংইয়ং এ বিষয়ে নীরব ছিল।

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিমের সঙ্গে দেখা না করেই চীন ত্যাগ করেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকের জন্য তিনি অত্যন্ত ব্যস্ত ছিলেন এবং ‘কোনো এক সময়’ কিমের সঙ্গে তাঁর দেখা হবে। তবে ট্রাম্প যখন শি ও পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন, তখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমকে একটি স্কি রিসোর্ট ও একটি নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রের ভান্ডার সীমিত করতে কিমকে রাজি করানোর সম্ভাবনা খুবই কম। গত বছর মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়নেও বলা হয়েছিল, কিমের তাঁর কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো আগ্রহ নেই।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদের পর উত্তর কোরিয়া আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা সুরক্ষিত করেছে। একই সঙ্গে দেশটি তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় ঘোষণা করেছে। এ ছাড়া নিজেদের প্রধান অর্থনৈতিক সহযোগী চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠানোর মাধ্যমে রাশিয়ার সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদার করেছে দেশটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

নিষেধাজ্ঞাকে উপেক্ষা, ভিপিএন চালিয়ে পাকিস্তানি নাটক দেখছে ভারতীয়রা

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব...

;