নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক অসুস্থ অবস্থায় সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুপুরের দিকে মদন পৌর এলাকায় পৌঁছালে পৌরসভার টোল আদায়কারী আতিকুলের সঙ্গে টোল আদায় নিয়ে সিএনজিচালক রায়হানের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়।
এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক তাঁদের মারামারি থামাতে এগিয়ে যান। তখন কিল-ঘুষির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment