Home জাতীয় সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ
জাতীয়

সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

Share
Share

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের একাংশ অবশেষে মূল ভূখণ্ডে ফিরেছেন। দীর্ঘ ভোগান্তি, নিরাপত্তাহীনতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ফিরে আসা পর্যটকেরা বলেছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁদের একপ্রকার জিম্মি করে রাখা হয়েছিল।

পর্যটকদের অভিযোগ, আটকে পড়ার পর দ্বীপের কিছু হোটেলমালিক ও ব্যবসায়ী তাঁদের সহযোগিতার পরিবর্তে হোটেলভাড়া, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। তবে কিছু হোটেলমালিক ভাড়ায় ছাড় দিয়েছেন। স্থানীয় কয়েকজন স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থাও করেছেন।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে করে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে তাঁরা জানান, ঢেউয়ের তোড়ে প্রতিটি মুহূর্তে প্রাণহানির আশঙ্কা ছিল।

আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ায় আজ রোববার থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকদেরও আজ নিরাপদে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ফিরে আসা পর্যটকদের অভিযোগ, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপের কিছু অসাধু ব্যবসায়ী ও হোটেলমালিক পরিস্থিতির সুযোগ নিয়েছেন। বাড়তি দিন অবস্থানের কারণে হোটেলভাড়া, খাবার ও যাতায়াতের ক্ষেত্রে তাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।

এক পর্যটক জানান, দ্বীপে খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ২০ টাকার একটি ডিমের দাম নেওয়া হয়েছে ৫০ টাকা। দুর্যোগের কারণে আটকে পড়া পর্যটকদের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে বাড়তি দামে খাবার কিনেছেন।

পর্যটকদের ভাষ্য, অনেকের সঙ্গে থাকা টাকা ফুরিয়ে যাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েন। নৌযান চলাচল বন্ধ থাকা এবং খাবার ও থাকার খরচ বেড়ে যাওয়ায় তাঁদের দুর্ভোগ আরও বাড়ে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। এ কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দ্বীপটিতে ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা। তাঁদের মধ্যে ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তা রয়েছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় তাঁদের দ্বীপে অবস্থানের সময় বেড়ে যায়।

এতে কোর্স ট্যুরের জন্য নির্ধারিত বাজেটেও সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সীমিত পরিসরে ট্রলার চলাচল করলেও ঝুঁকির কারণে তাঁরা ট্রলারে ফেরার সিদ্ধান্ত নেননি।

এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘আমাদের আজ গোপালগঞ্জে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখনো সেন্টমার্টিনে অবস্থান করছি। স্বাভাবিকভাবেই বাজেট সংকট তৈরি হয়েছে। কারণ, শিক্ষার্থীরা অতিরিক্ত দিন থাকার প্রস্তুতি নিয়ে এখানে আসেনি। তারপরও এখানে উপস্থিত শিক্ষকেরা বাজেট সংকট পূরণের চেষ্টা করে যাচ্ছি।’

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েন আরও দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাঁদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন ছিলেন। তাঁদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাঁর হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ সময় আটকে থাকায় এসব শিক্ষক-শিক্ষার্থীর খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে যায়। জাবিপ্রবির প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়। এতে তাঁরা বিপাকে পড়েন।

এদিকে এখনো দ্বীপটিতে আট শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্টমালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে অনেকেই সেই নির্দেশনা মানেননি বলে অভিযোগ রয়েছে।

দুর্যোগের সময় পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি খাবার, হোটেলভাড়া এবং অন্যান্য সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হোটেল-রিসোর্টমালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় পর্যটকদের থাকার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে এলে আটকে থাকা পর্যটকদের নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’

এ ছাড়া স্থানীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান ইউএনও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;