রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে গণহত্যা চালানোর ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।
রায়ে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমার আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মামলার শুরু থেকেই গাম্বিয়ার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে চলা পরিকল্পিত নিপীড়নের স্বীকৃতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তুরস্ক মিয়ানমারকে আদালতের রায় সম্পূর্ণভাবে ও বিলম্ব ছাড়াই বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।
এ ছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে আঙ্কারা।
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তুরস্ক।
Leave a comment