বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ বিএনপির দলীয় কার্যক্রমের ছবি পাওয়ার পর তাঁকে তুলে নিয়ে যায় একদল অস্ত্রধারী ব্যক্তি। ঘটনার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বিএনপি নেতারা।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজি। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান।
পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি ভাঙচুর, মারধর ও টাকা-মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার বর্ণনা দিয়ে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, ঢাকা থেকে বাগেরহাটে যাওয়ার পথে কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। অনেক চেষ্টা করে তাঁরা ঘোনাপাড়া এলাকায় পৌঁছান। সেখানে অস্ত্রধারী ব্যক্তিরা তাঁদের গাড়ি থামিয়ে ভাঙচুর শুরু করেন।
ময়েনের অভিযোগ, হামলাকারীরা তাঁদের মারধর করেন এবং সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এরপর তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করেন।
তিনি বলেন, একপর্যায়ে হামলাকারীরা তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেন। তবে মনিরুল হক ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবি ও বিএনপির দলীয় কার্যক্রমের ছবি দেখে তাঁকে আটকে রাখেন।
ময়েনের ভাষ্য অনুযায়ী, ছবিগুলো দেখার পর হামলাকারীরা ‘বিএনপি’ বলে চিৎকার করতে থাকেন। এরপর মনিরুলকে ধরে নিয়ে যান তাঁরা।
শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, ঘটনার সময় তিনি ও গাড়িচালক হাসান গাড়ি ফেলে সেখান থেকে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।
এ ঘটনার জন্য স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে। তবে মনিরুল হক ফরাজিকে কারা তুলে নিয়ে গেছেন এবং তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
Leave a comment