বরিশালে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির জানালার কাচ ভেঙে যায় এবং নিচতলার একটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই নিচতলার একটি কক্ষ ও সেখানে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে আগে বসবাস করতেন জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। বর্তমানে তিনিও বরিশালে থাকেন না।
জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, কারা বাড়িটিতে আগুন দিয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
Leave a comment