Home জাতীয় মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে
জাতীয়রাজনীতি

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

Share
Share

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় মামলার আরও দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে শামীম আল সাইফুল সোহাগকে মারধরের ঘটনা ঘটে। বিএনপি ও ছাত্রদলের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন ব্যক্তি সোহাগকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও তাঁকে মারধর করা হয়।

বুধবার আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন আগের দিনের হামলার ঘটনা তুলে ধরেন। তিনি জানান, মঙ্গলবার সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের মামলায় শুনানি করার পর তাঁরা সাঈদ খোকনের মামলার শুনানিতে অংশ নিতে যান। এ সময় বহিরাগত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনিও হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন।

পরে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন শামীম আল সাইফুল সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার সাঈদ খোকনের মামলার শুনানির জন্য ৩৩ নম্বর আদালতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তাঁকে জোর করে বের করে নেওয়া হয়। পরে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

আদালতে সোহাগ বলেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।’

গত ৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে ওই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সোহাগ বলেন, ‘আমি একজন আইনজীবী, আমি কেন বোমাবাজি করব? আদালত এলাকায় বোমা নিক্ষেপের বিষয়ে আমি কিছু জানি না। আমি জামিন পাওয়ার হকদার।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন তাঁর জামিনের বিরোধিতা করেন। তিনি দাবি করেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সোহাগের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। এ কারণে তাঁর জামিন নামঞ্জুরের আবেদন জানান তিনি।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বলেন, সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা দুঃখজনক। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় করা হয়েছে। তদন্তে আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

পরে আদালত সোহাগের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।

যেভাবে মামলার সূত্রপাত

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে মোটরসাইকেলে পালানোর চেষ্টার সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস আদালতে দেওয়া আবেদনে জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সোহাগসহ তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে উত্তেজিত জনতার কাছ থেকে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশের আবেদনে আরও বলা হয়, আটকের আগে মারধরে সোহাগ আহত হন। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর বুধবার তিনজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি...

চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাজ্য, বাংলাদেশে কী অবস্থা

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ কিংবা ‘আলোচনা সাপেক্ষে’ লেখার পরিবর্তে বেতনের পরিমাণ প্রকাশ...

জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে সরকার আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে: গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে সরকার আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে বলে অভিযোগ...

;