Home জাতীয় এক বছরের মধ্যে মোহাম্মদপুরে কয়েক শ সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা: ববি হাজ্জাজ
জাতীয়

এক বছরের মধ্যে মোহাম্মদপুরে কয়েক শ সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা: ববি হাজ্জাজ

Share
Share

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে সিসিটিভি ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তিনির্ভর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। এরই মধ্যে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় দূরের দৃশ্যও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায়।

অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়ে ববি হাজ্জাজ বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হচ্ছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সম্প্রতি জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক বা সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত হলে সংশ্লিষ্ট থানা ও টহল পুলিশের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানো যাবে।

নিরাপত্তাব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে ঢাকা-১৩ আসনকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মসজিদ, মন্দির, বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব কমিটি গঠন করা হবে। কমিটিগুলো পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানান তিনি। কেবল সংশ্লিষ্ট থানা-পুলিশ, ট্রাফিক বিভাগ ও কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন।

পাশাপাশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা ক্যামেরাগুলোও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ববি হাজ্জাজ দাবি করেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়াতে হবে। মোহাম্মদপুর থানার এলাকা বিস্তৃত হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে পুলিশের সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

কিশোর গ্যাং ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিহারি ক্যাম্প এলাকার মাদকসংক্রান্ত অপরাধের প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুঞ্জনের অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। তবে আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন তাঁর বিশ্বজয়ের অন্যতম কারিগর লিওনেল স্কালোনি। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপজয়ী এই কোচের...

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিটার স্থাপন করা হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল...

Related Articles

২০২৪-এর গণ-অভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: স্পিকার

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি দেশের সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা...

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে...

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার।...

;