২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি দেশের সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতে পিছপা হননি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি সেনানিবাসে বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে স্বাধীনতার পর রেজিমেন্টটির ঐতিহাসিক অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি বলে অভিযোগ করেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও অনেকে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তাঁর মতে, সাহসিকতার দিক থেকে বাংলাদেশের মানুষ বিশ্বের অন্য যেকোনো জাতির তুলনায় এগিয়ে।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। গত ১৫ বছরের শাসনকালকে দুঃশাসনের সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে।
এ প্রসঙ্গে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করেন স্পিকার। তিনি বলেন, আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ওই গণ-অভ্যুত্থানে সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণা করেন হাফিজ উদ্দিন আহমদ। যুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, দেশের স্বাধীনতাসংগ্রামে অংশ নিতে পারা তাঁর জীবনের অন্যতম গৌরবের বিষয়। এ সময় এমসি কলেজ এলাকায় সংঘটিত যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতার প্রশংসা করেন তিনি।
রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও সম্মানের। সামরিক বাহিনীতে কাটানো আট বছর তাঁর জীবনের শ্রেষ্ঠ সময় ছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment