নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার একটি প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাস সাধারণত সকালে ও বিকেলে দুটি করে ট্রিপ দেয়। তবে অনেক সময় আসন খালি থাকে।
বিআরটিসির চেয়ারম্যানের ভাষ্য, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় তাঁদের স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য বাস নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা এতে উঠতে পারেন না। এ কারণে যাত্রীসংখ্যা কম হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।
এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি।
নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।
Leave a comment