চট্টগ্রামের বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করতে গিয়ে মসজিদে গিয়েছিলেন স্ত্রী। সেখান থেকে ফিরে ঘরে স্বামী ও দুই সন্তানের মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বিছানা থেকে দুই শিশুর মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় নিহত ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদুল আলম চৌধুরী (৫৫)। তিনি বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউল আলম চৌধুরীর ছেলে। নিহত দুই শিশু যমজ বোন—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বয়স সাত মাস।
নিহত জাহেদুলের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তাঁরা। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন আফিয়া। তবে স্বামী জাহেদুল তাতে আপত্তি জানান। শিশুদের সঙ্গে নিলে পায়খানা-প্রস্রাব করতে পারে—এমন কারণ দেখিয়ে তাদের বাড়িতে রেখে যেতে বলেন তিনি।
পরে আফিয়া দুই মেয়েকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মসজিদে যান। বিকেলে বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের দরজা-জানালা বন্ধ। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর দুই শিশুকন্যার মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদুলের মরদেহ দেখতে পান।
নিহতের সৎ ভাই শাহেদুল আলম চৌধুরী জানান, বিয়ের পর থেকেই জাহেদুল শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment