ক্যাফে বা রেস্তোরাঁয় অনুমোদিত লাইসেন্সের বাইরে লাইভ মিউজিক আয়োজন, ডিজে পরিবেশনা কিংবা হুক্কা পরিবেশন করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসা বন্ধসহ লাইসেন্স বাতিল করা হতে পারে বলে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে তেহরান পুলিশ। লাইসেন্সের তোয়াক্কা না করে পরিচালিত যেকোনো অননুমোদিত বিনোদনমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি লঙ্ঘন হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেহরান পুলিশের ব্যবসা ও জনসমাগমস্থল তদারকি বিভাগের দায়িত্বরত জ্যেষ্ঠ কর্মকর্তা আলি রাফেইয়ি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি ক্যাফেকে কেবল তাদের লাইসেন্সে উল্লেখিত নির্দিষ্ট ব্যবস্থার অধীনেই ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদিত সীমার বাইরে গিয়ে হুক্কা পরিবেশন, ডিজে পার্টি, লাইভ মিউজিক কিংবা কোনো ধরনের জুয়া-সংশ্লিষ্ট আয়োজন শনাক্ত হলেই কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ।
প্রাথমিক অবস্থায় আইন লঙ্ঘনকারী ক্যাফেগুলোকে সতর্ক করা ও ভবিষ্যতে নিয়ম মেনে চলার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হলেও, একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সরাসরি ব্যবসার লাইসেন্স চিরতরে বাতিল করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন রাফেইয়ি।
ক্যাফের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বিনোদনের পাশাপাশি ক্যাফে সংলগ্ন বাইরের জনপরিসর এবং তরুণদের অনাকাঙ্ক্ষিত জমায়েতের ওপরও বিশেষ নজরদারি বাড়িয়েছে প্রশাসন। উদাহরণ টেনে পুলিশ জানায়, সানাই ও ইরানশাহর সড়কের ক্যাফেগুলোর ফুটপাত দখল, অনর্থক গাড়ি ঘোরাঘুরি ও তরুণদের অহেতুক জটলার কারণে তীব্র যানজট ও নাগরিক ভোগান্তি তৈরি হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করলেও ক্যাফে মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে কেবল বাণিজ্যিক লাইসেন্স লঙ্ঘনের কারণেই নয়, বরং দেশটির বাধ্যতামূলক হিজাববিধি প্রয়োগ এবং সরকারবিরোধী আন্দোলনে সমর্থনের অভিযোগেও শত শত ক্যাফে, রেস্তোরাঁ ও জিম সিলগালা করেছে কর্তৃপক্ষ। গত জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই বিভিন্ন শহরে অন্তত ৪২টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের খবর নিশ্চিত হওয়া গেছে।
এমনকি সরকারবিরোধী আন্দোলনে কর্মীদের উৎসাহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে সেপ্টেম্বরে ‘সাদিনিয়া প্রপার্টিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর প্রধান সাদেক সাদিনিয়াকে সাড়ে ১২ বছরেরও বেশি সময় কারাদণ্ডে দণ্ডিত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সাজা ভোগের পরও দুই বছরের জন্য তাঁর ক্যাফে ব্যবসায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পুলিশের এই নতুন ও কঠোর হুঁশিয়ারির ফলে তেহরানের ক্যাফে মালিকরা এখন বিনোদনমূলক বিধি-নিষেধের পাশাপাশি বাধ্যতামূলক হিজাব আইন ও রাজনৈতিক অবস্থানের কারণেও প্রশাসনিক নজরদারি ও কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।
Leave a comment