বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার তিনি এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করতে দেখা যায় তাঁকে।
ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তাঁর দাবি, বিলের এই পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। ভিডিওতে তাঁর হাতে বিদ্যুৎ বিলের দুটি কাগজও দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানার পুলিশকে জানান। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডি ‘Sifat Abdullah’ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার।’
Leave a comment