কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় মাছুমের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালানো হয়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মাছুমকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment