মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি ও জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Leave a comment