প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেই পারেন, তবে সেই সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্বেই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।’
তিনি বলেন, ‘এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এ দেশের মানুষ চায়, ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাইছেন কি না, সেটিই বড় বিষয়।’
জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতা-কর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতা-কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
Leave a comment