প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে। ফলে জাতীয় দিবস পালন, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও একাডেমিক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে গিয়ে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৯৬২ সালে তৎকালীন ভোলা মহকুমার এসডিও এম এ আজিজের উদ্যোগে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতায় ভোলা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রয়োজনীয় ভৌত অবকাঠামোর মধ্যে আধুনিক অডিটোরিয়ামের ঘাটতি এখনো রয়ে গেছে।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজটিতে ৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৫৪৭ জন এবং ছাত্রী ৩ হাজার ৬৯৫ জন। তাঁদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ৫২ জন এবং কর্মচারী ৪৩ জন।
অডিটোরিয়াম না থাকায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ মাঠ কিংবা খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেল তৈরি করতে হয়। এতে আবহাওয়া প্রতিকূল হলে অনুষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়ে। বৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান কলেজে অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি এলেও নির্মাণকাজ শুরু না হওয়ায় হতাশা বাড়ছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, আধুনিক অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে একাধিকবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব ও আবেদন পাঠানো হয়েছে। ফাইলটি বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রয়েছে।
Leave a comment