এমরান হোসেন, জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
নিহত শিশুরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে চার থেকে পাঁচজন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও ততক্ষণে তারা পানির নিচে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ সময় অনুসন্ধানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওসমানের মরদেহও উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়েছে। এরপরও প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment