যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি।
বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীতের অভিজ্ঞতা বলছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মানতে আগ্রহী নয়।’
আসাদির অভিযোগ, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত ‘মিডিয়াকেন্দ্রিক’। যার লক্ষ্য একদিকে তেলের দাম পতন ঠেকানো এবং অন্যদিকে নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসা।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদি জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা ভুল সিদ্ধান্ত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে শতাধিক ধাপে পাল্টা হামলা চালায়। এসব হামলায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানা হয়।
যুদ্ধ শুরুর প্রায় ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইরানের অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত শর্ত ও অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা ভেস্তে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও নতুন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।
Leave a comment