মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে কঠিন সময় আসছে। পরিস্থিতি মোকাবিলা করেই সবাইকে এগিয়ে যেতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।’
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব।’
দেশে জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমেছে। তবে এ কারণে পেট্রলপাম্পে ভাঙচুর করা সমীচীন নয়। মব বা দলবদ্ধ সহিংসতা কঠোর হাতে দমন করা হবে। আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।
কৃষি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ঝড়-বৃষ্টিতে গমের ক্ষতি হয়েছে। বৃষ্টিতে আলুর গাছ মাটিতে শুয়ে পড়েছে। কৃষকদের এসব সমস্যা সরকার বোঝে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের কয়েক কোটি নারীকে এ কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে তাঁরা সরকারি সহায়তা পাবেন। সরকারের সব প্রকল্প বাস্তবায়ন করা হবে। সারা দেশে ২০ হাজার খাল খননের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপির নেতারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a comment