বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন এক প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। সে অনুযায়ী এটি মোকাবিলা করা হবে।
এর আগে বাংলাদেশের সঙ্গে নির্ধারিত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
জয়সওয়াল বলেন, ‘এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।
বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও জানান রণধীর জয়সওয়াল।
Leave a comment