ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র বিরুদ্ধে। এ সময় একটি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে দস্যুরা।
শনিবার (২২ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলেরা। অপহৃত পাঁচজন হলেন—শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার ও জাকির হাওলাদার।
অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় জেলেরা নিরাপদ আশ্রয়ের জন্য শ্যালার চর এলাকায় অবস্থান নিয়েছিলেন। এ সময় দস্যুরা সেখানে আগে থেকেই অবস্থান নিয়ে ছিল। পরে অস্ত্রের মুখে তিনটি পৃথক ট্রলার থেকে পাঁচ জেলেকে তুলে নিয়ে যায় তারা। একই সঙ্গে একটি মাছ ধরার ট্রলারও নিয়ে যায় দস্যুরা।
বাবুল মাঝি বলেন, অপহরণের পর এখন পর্যন্ত দস্যুদের পক্ষ থেকে মুক্তিপণ বা অন্য কোনো বিষয়ে যোগাযোগ করা হয়নি। এতে অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে দস্যুরা এ হামলা চালিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।
অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে অভিযান পরিচালনা এবং সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ঠেকাতে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।
Leave a comment