সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দী দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
তবে বিশেষ কোনো ঘটনা নয়, পারিবারিক বারবিকিউ পার্টিতেই একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ওই পার্টিতে তাসকিন আহমেদ ও তাঁর পরিবারও অংশ নেন।
দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানেই তাসকিনের সঙ্গে তাঁর দেখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের কথা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে BBQ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’
তাসকিন ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
বাংলাদেশ ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করেন শাবনূর। তিনি লেখেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’
শাবনূরের সেই পোস্টের পর দুই অঙ্গনের জনপ্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
Leave a comment