আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরোর নাম উঠে এসেছে। তবে আদালতের নথি অনুযায়ী, এ মামলায় আগুয়েরোকে আসামি বা অভিযুক্ত করা হয়নি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার প্রমাণও পাওয়া যায়নি।
বিচারক পাবলো ইয়াদারোলার তত্ত্বাবধানে চলা তদন্তে মূলত একটি সন্দেহভাজন চক্রের বাণিজ্যিক পরিকল্পনায় আগুয়েরোর পরিচিতি ও ভাবমূর্তি কীভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের নথিতে বলা হয়েছে, আগুয়েরোর প্রতিষ্ঠিত ই-স্পোর্টস ক্লাবকে ঘিরে ‘ক্রু টিকিটস’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্ম চালুর বিষয়ে আলোচনা চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন থেকে উদ্ধার হওয়া বার্তা ও নথিতে প্রকল্পটির বিভিন্ন দিক উঠে এসেছে।
তদন্তকারীদের ধারণা, আগুয়েরোর বিশ্বজোড়া পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে বড় অঙ্কের বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল চক্রটি। সন্দেহভাজনদের কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের একজন পিবট আলভারেজ গ্রেপ্তারের পর থেকে অনশন করছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জানুয়ারি দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি দে কারলুচিকে পাঠানো এক বার্তায় বলা হয়, টিকিটিং প্ল্যাটফর্ম নিয়ে শিগগিরই আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আশা করা হচ্ছে। কয়েক সপ্তাহ পরের কথোপকথনে একাধিক কোম্পানির মাধ্যমে প্রকল্পটি পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
তদন্তকারীদের সন্দেহ, চক্রটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের কাছে রিকার্দো বোচিনি স্ট্রিটের একটি আস্তানায় তাদের কিছু কর্মকাণ্ড পরিচালিত হতো বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে।
তবে আদালতের নথিতে আগুয়েরোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে এমন তথ্য নেই। তদন্তে তাঁর নাম আসার বিষয়টি এখন পর্যন্ত সন্দেহভাজনদের বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত বলেই প্রতীয়মান হচ্ছে।
Leave a comment