চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
রহনপুর পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের অর্থবিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোলের বিএনপি নেতা নুর কামাল ও দুরুল হুদা এবং রহনপুর ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন পারভেজ। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন তার খেসারত দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভা শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
Leave a comment