বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পথসভা শেষে একটি র্যালি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব শরিফুজ্জামান সজিব।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মোহাসিন আলম, আলমগীর হোসেন আলম ও তানভীর আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় কামরুজ্জামান ভুট্টো বলেন, বিনা অপরাধে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলে এর কঠোর জবাব দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে হবে।
চলমান বিদ্যুৎ সংকট নিয়েও বক্তব্য দেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কামরুজ্জামান ভুট্টো বলেন, ‘জামায়াত যদি ক্ষমতায় থাকত, তারা বলত, এক দিন বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারেন না, দোজখে গেলে কীভাবে থাকবেন?’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে মানুষ ভালোবাসেন। তাই বিএনপির নেতা-কর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।’
পথসভা শেষে নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।
Leave a comment